নিজস্ব প্রতিনিধিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছর দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অথচ এখন বিদেশের মাটিতে বসে মানবাধিকারের ছবক দেওয়া হচ্ছে। বিদেশে বসে বাংলাদেশে বাস-ট্রাকে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেবে না সরকার ও দেশের সাধারণ মানুষ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছর দেশকে শোষণ ও নির্যাতন করা হয়েছে। এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। একাত্তরের পরাজিত শক্তি ও গত ১৭ বছরের ফ্যাসিবাদী শক্তি এক হয়ে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

